
জম্মু, ১৫ এপ্রিল (হি.স.): বার্ষিক অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হতেই ভক্তদের ভিড় উপচে পড়ল জম্মুতে। বুধবার থেকে অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গিয়েছে, ৫৭ দিনের এই তীর্থযাত্রা আগামী ৩ জুলাই শুরু হবে এবং ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন শেষ হবে। অনন্তনাগের ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দেরবালের ১৪ কিলোমিটার দীর্ঘ খাড়া বালতাল রুট—এই দুই পথ দিয়েই যাত্রা শুরু হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাংক -এর জম্মু সার্কেলের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ কুমার বর্মা জানান, রেজিস্ট্রেশন শুরু হতেই বিপুল সংখ্যক ভক্ত বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। দেশের মোট ৫৫৬টি ব্যাঙ্ক–এর শাখায় এই নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে, যার মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক-এর ৩১০টি শাখা রয়েছে।
জম্মুতে ছ’টি কাউন্টার খোলা হয়েছে, যেখানে এদিন সকাল ৮টা থেকে দীর্ঘ লাইন দেখা যায়। পঞ্জাবের পাঠানকোট থেকে আসা এক ভক্ত জানান, এটি তাঁর ১১–তম অমরনাথ যাত্রা। তিনি বলেন, প্রতি বছরই প্রথম দলে গুহামন্দির দর্শন করার চেষ্টা করেন এবং এবছরও আগেভাগে রেজিস্ট্রেশন করেছেন।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, জম্মু ও কাশ্মীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে এবছর আরও বেশি ভক্ত অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অফলাইন রেজিস্ট্রেশন জম্মু ও কাশ্মীর ব্যাংক , স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাঙ্কের শাখাতেও করা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য