
হায়দরাবাদ, ১৫ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপার্থী এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। কাম্মারাভারিপল্লি গ্রামে একটি বাড়িতে রান্না করার সময় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাদিরি মণ্ডলের ওই গ্রামে একটি বাড়িতে তেলেঙ্গানার কয়েকজন শ্রমিক রান্না করছিলেন। বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় সঙ্গে সঙ্গে দুটি বাড়ি ভেঙে পড়ে এবং আশপাশের একাধিক বাড়িতে ফাটল ধরে যায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের অভিঘাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলার পুলিশ সুপার এস. সতীশ জানিয়েছেন, মৃতদের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য