
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): হুগলির আরামবাগ মহকুমার মাধবপুর এলাকার জয়কৃষ্ণচক গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল মাজিদ খান ও মফিজুল ইসলাম খানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
অভিযোগ, ওই দুটি বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গয়না–সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বুধবার আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA