আপডেট...মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান-বসতবাড়ি
মাইবাং (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : পয়লা বৈশাখের ভোরে ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বেকারির খুচরো দোকান, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়ি। ঘটনার পর উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের সদস্য মঞ্জয়
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড


মাইবাং (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : পয়লা বৈশাখের ভোরে ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বেকারির খুচরো দোকান, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়ি। ঘটনার পর উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের সদস্য মঞ্জয় লাংথাসা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গৃহস্থদের সঙ্গে কথা বলে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

ঘটনা আজ বুধবার ভোর প্ৰায় পাঁচটার দিকে মাইবাং রেলওয়ে স্টেশন এবং বাজার-ঘেঁষা সুভাষনগর এলাকায় সংঘটিত হয়েছে। আগুনের করাল গ্রাসে ছাই হয়ে গেছে ‘আশীর্বাদ’ নামের একটি বেকারির রিটেইল শপ সহ আটটি দোকান ও দুটি বসতঘর। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও অস্পষ্ট।

ভুক্তভোগীরা জানিয়েছেন, আজ সকাল প্ৰায় পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্র মাইবাং বাজারে। প্রথমে কয়েকজন রেলযাত্রী এই আগুন লাগার বিষয়টি দেখে আশপাশ এলাকার মানুষকে ডাকাডাকি করে অবগত করেন। স্থানীয়রা এসে দেখেন আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকাকে গ্রাস করে ফেলেছে।

তাঁরা জানিয়েছেন, একটি ফাস্টফুডের দোকানে মজুত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। যার ফলে আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দুটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা আরও জানিয়েছেন, আগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর বাসিন্দারা প্রথমে খবর দেন অগ্নিনির্বাপক বাহিনী এবং মাইবাং থানার পুলিশকে। কিন্তু খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর ইঞ্জিন নিয়ে অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই মাইবাং বাজারের আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande