
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): গোঘাট বিধানসভা এলাকায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ কর্মসূচির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। বুধবার ডা. নির্মল মাজির উদ্যোগে কামারপুকুরে শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
এদিন সকালে কামারপুকুর সুকান্ত উদ্যান থেকে শুরু হয় সমাবেশ। রাস্তায় নামেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে লাল-সাদা শাড়ি, ধুতি-পাঞ্জাবিতে সেজে সমাবেশে অংশ নেন তাঁরা। শঙ্খধ্বনি, ঢাকের তাল, নাচ-গানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সমাবেশ এগিয়ে চলার সময় পথের ধারে দাঁড়ানো মানুষজনও শুভেচ্ছা জানান এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। ফলে গোটা কর্মসূচি এক মিলনমেলায় পরিণত হয়।
ডা. নির্মল মাজি পথচলতি সাধারণ মানুষ, ট্রাক-লরির চালক ও প্রশাসনিক কর্মীদের হাতে গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। ডা. মাজি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং নতুন বছরের সূচনায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA