
পাটনা, ১৫ এপ্রিল (হি.স.): বিহারের দীর্ঘ দিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইস্তফা দেওয়ার পরবর্তী দিনই সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপির সম্রাট চৌধুরী। এছাড়াও বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হয়েছেন জনতা দল (ইউনাইটেড)-এর বিজয় কুমার চৌধুরী ও বীজেন্দ্র প্রসাদ যাদব। বুধবার লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্রাট চৌধুরী ও দুই উপমুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সঈদ আতা হুসনাইন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের শাসকজোটের দুই বৃহত্তম শরিক বিজেপি এবং জেডিইউ-র নেতারা। প্রসঙ্গত, এই প্রথম বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলেন। মাঝের কিছু সময় বাদ দিলে দু’দশকেরও বেশি সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ জেডিইউ নেতা নীতীশ কুমার। সম্রাট মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় দীর্ঘ নীতীশ জমানার অবসান হল। গত ৫ মার্চ নিজেই প্রথমে সমাজমাধ্যমে তাঁর আগামী রাজনৈতিক জীবনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন নীতীশ। গত ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসাবে শপথগ্রহণ করেন তিনি। মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নীতীশ। মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বারের মতো বৈঠক করেন তিনি। তার পরেই রাজভবনে গিয়ে ইস্তফা দেন নীতীশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ