
বীরভূম, ১৫ এপ্রিল (হি.স.): এক যুবকের দেহ উদ্ধার হল বীরভূম জেলার নলহাটি থানার পাখা গ্রাম সংলগ্ন মাঠ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মুকুল শেখ। তাঁর বাড়ি পাখা গ্রামের ভিতরপাড়ায়। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই যুবকের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে, যুবকটির মাথায় ও দুই হাতে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে খুন করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ