
আরামবাগ, ১৫ এপ্রিল (হি.স.): গোঘাটে নির্বাচনী প্রচারের মাঝেই ধর্মীয় আবহে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। মঙ্গলবার রাতে তিনি ঐতিহাসিক সৈলেশ্বর শিব মন্দিরে গিয়ে পুজো দেন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের সঙ্গেও কথা বলেন তিনি এবং সকলের সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, এই প্রাচীন সৈলেশ্বর শিব মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সাহিত্যিক গুরুত্বের দিক থেকেও বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী-তে এই মন্দিরের উল্লেখ করেছেন বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত।
প্রশান্ত দিগার বলেন, “আজ মহাদেবের আশীর্বাদ নিতে এখানে এসেছি। এলাকার মানুষের শান্তি ও উন্নতির জন্য প্রার্থনা করেছি। সকলের আশীর্বাদ থাকলে জয় নিশ্চিত।”
মন্দিরে তাঁর আগমনকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। নির্বাচনের আগে ধর্মীয় স্থান পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার কৌশল নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA