
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী নজরদারি জোরদার করতে জোকা এলাকায় নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ অঘোষিত নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার রোড সংলগ্ন জোকা ট্রাম ডিপোর কাছে ঠাকুরপুকুর থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএসটি (স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম), স্থানীয় থানা এবং সিএপিএফ জওয়ানদের যৌথ তল্লাশিতে একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চলাকালীন ওই গাড়ি থেকে নগদ ৪,৭৩,৯০০ টাকা উদ্ধার হয়।
গাড়িতে থাকা চারজন ব্যক্তি ওই বিপুল অর্থের সপক্ষে কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ওই নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আটক চারজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
নির্বাচনের প্রাক্কালে বেআইনি অর্থ লেনদেন রুখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। পুলিশ জানিয়েছে, অবৈধ অর্থ বা সামগ্রী পরিবহণ রোধে আগামী দিনগুলিতেও এই ধরনের নাকা চেকিং ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়