
কোয়েম্বাটুর, ১৮ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার ভালপারাই পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় খাদে পড়ে একটি পর্যটক ভ্যান। শুক্রবার গভীর রাতের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একই স্কুলের ৭ জন শিক্ষিকাও রয়েছেন।
শনিবার জানা গিয়েছে, কেরলমের মালাপ্পুরম এলাকা থেকে ১৩ জন পর্যটক ভ্যানে করে ভালপারাই ভ্রমণে এসেছিলেন। ভালপারাই ভ্রমণ শেষে পোলাচি হয়ে ফেরার পথে ভালপারাই পাহাড়ি সড়কের ১৩তম হেয়ারপিন বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি প্রায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায় এবং ৯ নম্বর বাঁকের কাছে উল্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরও ২ জন পোলাচি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে ৭ জন শিক্ষিকা, এক স্কুল কর্মী এবং ১২ বছরের এক শিশুও রয়েছে। এছাড়া ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শনিবার কোয়েম্বাটুরের জেলাশাসক পবন কুমার জানিয়েছেন, মৃতদের উদ্ধার অভিযান দ্রুত চালানো হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে কেরলমের বিদ্যুৎমন্ত্রী কৃষ্ণান কুট্টি পোলাচিতে পৌঁছান এবং জানান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য