'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন নারী শক্তি বিলের বিরোধিতা?’ : দিনহাটায় হিমন্ত বিশ্ব শর্মার তোপ
কোচবিহার, ১৮ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহার জেলায় চড়ছে রাজনৈতিক পারদ। শনিবার দিনহাটার সংহতি ময়দানে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। সভা থেক
হিমন্ত বিশ্ব শর্মা


কোচবিহার, ১৮ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহার জেলায় চড়ছে রাজনৈতিক পারদ। শনিবার দিনহাটার সংহতি ময়দানে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।

সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে মহিলা সংরক্ষণ বিল পাশ হতে না পারার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষে জোরদার সওয়াল করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন তাঁর দল এই বিলের বিরোধিতা করল?

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন নারী হয়েও কেন মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছেন, তা সাধারণ মানুষের বোধগম্য নয়।”

এদিনের সভা থেকে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপি ‘ডাবল সেঞ্চুরি’ (২০০-র বেশি আসন) করবে। এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে, রাজ্যে বিজেপি সরকার গড়লে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের পাশাপাশি ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি, যা ঘিরে সভার রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande