দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, ভারতীয়দের নিরাপত্তায় সতর্ক কেন্দ্র
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে কেন্দ্র সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পেট্রোল, ডিজেল ও এলপিজির যোগানে কোনও ঘাটতি নেই এবং তা বজায় রাখতে প্রয়োজনীয় সব
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, ভারতীয়দের নিরাপত্তায় সতর্ক কেন্দ্র


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে কেন্দ্র সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পেট্রোল, ডিজেল ও এলপিজির যোগানে কোনও ঘাটতি নেই এবং তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতেও দেশজুড়ে এলপিজি, পিএনজি ও সিএনজির ১০০ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্র।

সরকার জানিয়েছে, দেশের রিফাইনারিগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং পর্যাপ্ত কাঁচা তেলের মজুত রয়েছে। ১৭ এপ্রিল একদিনেই ৫২ লক্ষের বেশি গৃহস্থালির রান্নার এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এছাড়া ৫ কেজির ছোট সিলিন্ডারের বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাণিজ্যিক এলপিজি সরবরাহ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ওষুধ, কৃষি ও শিল্পক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি পিএনজি সংযোগ বাড়িয়ে এলপিজির উপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরবরাহে ভারসাম্য রাখতে শহরে এলপিজি বুকিংয়ের ব্যবধান ২১ থেকে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিন করা হয়েছে। কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে ২৫০০-র বেশি তল্লাশি হয়েছে এবং বহু সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও সারের কারখানায় প্রায় ৯৫ শতাংশ এবং অন্যান্য শিল্পে ৮০ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত ৪.৭৬ লক্ষের বেশি পিএনজি সংযোগ সক্রিয় হয়েছে।

জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র পেট্রোল ও ডিজেলের উপর উৎপাদন শুল্ক প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছে। একইসঙ্গে রপ্তানিতে শুল্ক বাড়িয়ে দেশীয় বাজারে জোগান বজায় রাখার চেষ্টা চলছে।

এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় ভারতীয়দের নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলি ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। ইতিমধ্যে ১০ লক্ষের বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande