
দুর্গাপুর, ১৮ এপ্রিল(হি. স.): গ্রীষ্মের তীব্র দাবদাহে রাজনীতির উত্তাপকে ছাপিয়ে গেল প্রকৃতির রুদ্ররূপ। শনিবার দুপুরে দুর্গাপুরে বিজেপির প্রচার রোড শোতে অংশ নেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী । কিন্তু মাত্র কয়েকশো মিটার এগোতেই গরমে অসুস্থতা অনুভব করায় মাঝপথেই থেমে যায় রোড শো।
দুর্গাপুরের কুরুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই রোড শোতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। হুডখোলা ট্রাকে উঠে জনতার অভিবাদন নিতে শুরু করলেও প্রবল গরম ও লু-এর কারণে কিছুক্ষণের মধ্যেই মিঠুন চক্রবর্তীর শারীরিক অস্বস্তি দেখা দেয়।
প্রায় ২০০ মিটার এগোনোর পরই তিনি ট্রাক থেকে নেমে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে উঠে যান। এরপর কার্যত বন্ধ হয়ে যায় পুরো রোড শো। দূরদূরান্ত থেকে আসা সমর্থকরা হতাশ হয়ে ফিরে যান।
বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, তীব্র গরম ও শারীরিক অসুস্থতার কারণেই রোড শো বন্ধ করা হয়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি শুধু শারীরিক কারণ নয়, সাংগঠনিক ত্রুটিরও ইঙ্গিত হতে পারে।
এই ঘটনার মাঝেই ‘আমরাই মোড়’ এলাকায় আচমকা বিরোধী স্লোগানও শোনা যায়, যা নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়।
সব মিলিয়ে, দুর্গাপুরের এই রোড শো পরিণত হয় এক অসম্পূর্ণ রাজনৈতিক দৃশ্যপটে, যেখানে গরমই শেষ পর্যন্ত বড় বাধা হয়ে দাঁড়ায়।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা