ভোটগ্রহণের দায়িত্বে অধ্যাপকদের নিয়োগ; হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কমিশন
কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): প্রিসাইডিং অফিসার হিসাবে অধ্যাপকদের নিয়োগ নয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। অধ্যাপকদের প্রিসাইডিং অফিস
কলকাতা হাই কোর্ট


কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): প্রিসাইডিং অফিসার হিসাবে অধ্যাপকদের নিয়োগ নয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেন অধ্যাপকদের একাংশ। তাঁদের দাবি, কেন তাঁরা এই নির্বাচনে অপরিহার্য, সেই কারণ দেখায়নি কমিশন। তাঁদের পে-স্কেল এবং পদমর্যাদা অনুযায়ী কাজের বন্টনও করা হয়নি। যদিও কমিশনের যুক্তি ছিল, ভোটের মুখে মামলা করা হয়েছে। এখন নতুন লোক নিয়োগ করে প্রশিক্ষণ দিয়ে ভোট করানো সম্ভব নয়। বিচারপতির নির্দেশমতো শুক্রবার নিজেদের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি কমিশন। এর পরেই ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাই কোর্ট। সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কমিশন।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসাবে কাজের জন্য রাজ্যের সহকারী অধ্যাপক পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করেছিল কমিশন। কিছু দিন আগে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রিসাইডিং অফিসার হিসাবে তাঁদের পৃথক প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় কমিশন। অনেকেই ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন বা নেওয়া শুরু করেছেন। আদালত জানিয়েছে, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। অর্থাৎ, প্রশিক্ষণ হয়ে গেলে তাঁদের ভোটের সময় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে। বাকিরা কমিশনের নির্দেশ থেকে অব্যাহতি পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande