'নারী শক্তি ও অধিকার রক্ষায় এনডিএ-র লড়াই চলবেই' : কোয়েম্বাটোরে তোপ মোদীর
কোয়েম্বাটোর, ১৮ এপ্রিল ( হি. স.) : তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ডিএমকে এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই সভা থেকে তিনি স্পষ্ট জানান, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সাধার
প্রধানমন্ত্রী


কোয়েম্বাটোর, ১৮ এপ্রিল ( হি. স.) : তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ডিএমকে এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই সভা থেকে তিনি স্পষ্ট জানান, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সাধারণ মানুষের অধিকারের লড়াই জারি রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, এটি আমাদের লড়াইয়ের শেষ নয়, বরং শুরু। বিজেপি এবং এনডিএ আপনাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।”

সংসদে পাশ হওয়া ‘নারী শক্তি আইন’ বা মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ টেনে মোদী বলেন, বর্তমান সরকার মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।

তিনি অভিযোগ করেন, ডিএমকে, কংগ্রেস এবং তাদের সহযোগীরা এই বিলের বিরোধিতা করেছিল, যা প্রমাণ করে তারা নারীশক্তির বিরোধী। তাঁর দাবি, এই বিরোধিতার কারণেই মহিলারা আগে ন্যায্য প্রতিনিধিত্ব পাননি।

তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র তীব্র সমালোচনা করে মোদী বলেন, এই দল “পরিবার দ্বারা, পরিবারের জন্য এবং পরিবারের” নীতিতে চলে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপ-মুখ্যমন্ত্রী—সবই এক পরিবারের কবজায়। তিনি অভিযোগ করেন, ডিএমকে-র শাসনকালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং মহিলারা সুরক্ষিত নন। তিনি ভোটারদের আহ্বান জানান, ডিএমকে নেতারা যখন ভোট চাইতে আসবেন, তখন যেন তাঁদের কাছে মহিলা সংরক্ষণের বিরোধিতার কারণ জানতে চাওয়া হয়।

রাজ্যের কৃষকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, গত বছর নভেম্বরে প্রাকৃতিক কৃষি সম্মেলনে যোগ দিয়ে তামিলনাড়ুর কৃষকদের উদ্ভাবনী ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি, রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠিত হলে কৃষকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। তিনি কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে বলেন, জনধন অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পরিশ্রুত পানীয় জল এবং মুদ্রা ঋণের মতো প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। পাশাপাশি, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় এবং জিএসটি হ্রাসের ফলে মধ্যবিত্ত সমাজ উপকৃত হয়েছে।

তামিল নববর্ষ ‘পুথাণ্ডু’-র শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, কোয়েম্বাটোরের মানুষ বরাবরই দুর্নীতি ও মাফিয়া রাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবারও তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় লেখা হতে চলেছে। তাঁর কথায়, “রাজ্যের মানুষের বার্তা স্পষ্ট—এনডিএ আসবে আর ডিএমকে যাবে।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande