
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শুভেচ্ছা বার্তার জবাবে দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সান্ধু বলেছেন, ভারত-আমেরিকা সম্পর্ক উভয় দেশের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ।
শনিবার বিশ্ব লিভার দিবস উপলক্ষে দিল্লির একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁকে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছিল এবং সেই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সান্ধু বলেন, “আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বার্তায় সেই কাজের স্বীকৃতি দিয়েছেন, যা নিঃসন্দেহে সন্তোষজনক।”
তিনি আরও জানান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-ও ভারত-আমেরিকা সম্পর্ক জোরদারে তাঁর কাজের প্রশংসা করেছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক একটি শক্তিশালী অংশীদারিত্বে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প সান্ধুর নিয়োগে শুভেচ্ছা জানান এবং ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য