
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৮ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকট ঘিরে তীব্র জনরোষের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নিয়মিত জল সরবরাহের দাবিতে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তেলিয়ামুড়া–উত্তর মহারানি প্রধান সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের ‘আটল জলধারা’ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। বাসিন্দাদের অভিযোগ, গত সংক্রান্তির পর থেকে এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা। দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পানীয় জল সংগ্রহের জন্য দূরদূরান্তে যেতে বাধ্য হচ্ছেন অনেকে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক মতাদর্শ ভুলে একত্রিত হন গ্রামবাসীরা। প্রখর রোদের মধ্যেই মহিলাদের নেতৃত্বে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। অবরোধের জেরে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বিক্ষোভকারীরা জানান, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জল সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ