
কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): ভোটকুশলী সংস্থা আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এ রাজ্যের কর্মচারীদের ২০ দিনের ছুটিতে পাঠিয়েছে। ই-মেল মারফত এই বার্তা দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই এই সংক্রান্ত খবর প্রকাশিত হতে থাকে। সেখানে বলা হয়, এই সংস্থা আপাতত এ রাজ্যে কাজ বন্ধ করেছে। যদিও, এই খবরকে ভুয়ো দাবি করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, আইপ্যাক দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের পরমার্শদাতা সংস্থা হিসেবে কাজ করে।
তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট করা হলো, এই খবর সম্পূর্ণ ‘ভুয়ো’। আইপ্যাক পরিকল্পনামাফিক নির্বাচনী প্রচারের কাজে যুক্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা একটি সংবাদ প্রতিবেদন দেখেছি, যেখানে দাবি করা হয়েছে আইপ্যাক 'আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে'। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। আইপ্যাক পশ্চিমবঙ্গ টিম এআইটিসি-র সঙ্গে পুরোপুরি যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। এই ধরনের প্রচার স্পষ্ট মনোভাব থেকে মনোযোগ সরানোর একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ