
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ এপ্রিল (হি. স.) : জীবনতলার বাসন্তী হাইওয়ের ফকিরতকিয়া গ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। এর প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম সাঁপুই-সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, তাঁদের একটি মিছিলে যোগ দিতে কর্মীরা যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায় এবং একাধিক কর্মীকে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জীবনতলা থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে প্রতিবাদ জানায় বলে অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা