
যমুনানগর, ১৯ এপ্রিল (হি.স.): ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নাম করে যমুনানগরে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে একটি চক্র প্রায় ৪.১৬ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। ঘটনায় কোম্পানির পরিচালকসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, তিলক নগরের বাসিন্দা অশ্বনী কুমার ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের কাছে প্রাংশু দত্ত, রমেশ দত্ত, সন্দীপ দত্ত, দীক্ষা দত্ত, অমিত খেড়া, হেমন্ত ভাটনাগর, হারনেক সিং এবং বিনয় গুপ্তা যৌথভাবে বিনিয়োগের প্রস্তাব দেন। প্রথমে মাসে ৮ থেকে ১০ শতাংশ লাভের আশ্বাস দেওয়া হয় এবং কয়েক মাস টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়।
এরপর বিনিয়োগকারীরা সঞ্চয়, গয়না, ব্যাঙ্ক ঋণ ও ধার করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। অভিযোগ, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভুয়ো রিটার্ন দেখানো হত। মোট ৪ কোটি ১৬ লক্ষ ২৮ হাজার ৩৬৮ টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি।
পরবর্তীতে টাকা ‘লক’ করার চাপ তৈরি করা হয়। ২০২৫ সালের অগস্টের পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং হুমকি দেয় বলেও অভিযোগ।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পঞ্জি স্কিমের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য