
দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি.স.): ভোটের আগে আই-প্যাক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তৃণমূলের নেতারাই চায় না দলের সঙ্গে আই-প্যাক যুক্ত থাকুক।
রবিবার পাণ্ডবেশ্বর ও গলসি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তিনি বলেন, “ভোট কুশলী সংস্থা যে কোনও দলের থাকতে পারে। কিন্তু কয়লাকাণ্ডে তাদের নাম জড়িয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ও আই-প্যাক কার্যত এক হয়ে যাচ্ছে, এটাই বড় প্রশ্ন।”
এদিন পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে রোড শো-তে অংশ নেন সুকান্ত মজুমদার। পরে কাঁকসার বনকাটিতে গলসির প্রার্থী রাজু পাত্রের সমর্থনেও প্রচার করেন।
প্রসঙ্গত, ভোটের আগে আই-প্যাক ২০ দিনের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে রবিবার সকাল থেকে খবর ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলে এটিকে ভুয়ো বলে দাবি করে| আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই-প্যাকের নাম না করে তাদের কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে চাপের অভিযোগ তুলেছেন।
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের ভেতরেই আই-প্যাক নিয়ে অসন্তোষ রয়েছে। দলের নেতারাই চায় না তারা কাজ করুক।”
এছাড়াও কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারের বাড়িতে ইডি-র অভিযানের প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “অভিযোগ থাকলেই তদন্ত হবে। আইন নিজের পথে চলবে।”
মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। মহিলাদের বঞ্চিত করেছে তৃণমূল এবং তাদের মতো দলগুলোই।”
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা