
জগদ্দল, ১৯ এপ্রিল (হি. স.): জগদ্দল বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারকে ঘিরে উত্তেজনা চরমে উঠল রবিবার সকালে। বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন ডিজি রাজেশ কুমার অভিযোগ করেন, তাঁর নির্ধারিত সমস্ত নির্বাচনী প্রচারের কর্মসূচিতে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে এবং অনুমতি বাতিল করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে তিনি জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিজেপি কর্মী ও সমর্থকরাও প্রার্থীর সমর্থনে পথে নামেন। পরে তাঁরা ঘোষপাড়া রোড অবরোধ করে প্রতিবাদ জানান, যার ফলে এলাকায় সাময়িক যান চলাচলে ব্যঘাত ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।
বিজেপি প্রার্থী রাজেশ কুমার অভিযোগ করেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে বাধা দিতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আইনশৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়