
গোসাবা, ১৯ এপ্রিল (হি. স.): শনিবার গোসাবা বিধানসভার বালিতে বিজেপির নির্বাচনী প্রচার ছিল। সেই প্রচারে এলাকার বেশ কিছু অটো, টোটো ভাড়া নিয়েছিল বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী বিকর্ণ নস্করকে সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া অনিমেষ মন্ডল, তাপস মন্ডল, বরুণ প্রামাণিকের মতো নেতৃত্বরা নির্বাচনী প্রচার করেন। অভিযোগ, বিজেপির মিছিলে অটো ভাড়া দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে গৌতম মন্ডল নামে এক অটো চালকের দুটি অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির তরফ থেকে এ বিষয়ে গোসাবা থানায় অভিযোগ দায়ের করা হয় রবিবার দুপুরে। এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা এলাকার তৃণমূল নেতা সুব্রত মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। গোসাবা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
বিজেপির অভিযোগ তাদের কর্মসূচিতে অটো দেওয়ার অপরাধে শনিবার রাতে গোসাবা বিধানসভার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০৪ নম্বর বুথ এলাকার ঢোলামণি স্কুল মোড়ের কাছে গ্যারেজে থাকা অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আমাদের নির্বাচনী কর্মসূচিতে অটো দেওয়ার জন্যই এই নোংরা কাজ করেছে তৃণমূল। বিজেপির দাবি, তাদের কর্মসূচির সাফল্য দেখে ভয় পেয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই কাণ্ড ঘটিয়েছে শাসকদলের মদতপুষ্ট সমাজবিরোধীরা।
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা প্রণয় জানা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। ঘটনা খুবই দুঃখজনক। তৃণমূলের বদনাম করতে বিজেপি মিথ্যে অভিযোগ করছে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে সত্য সামনে আনুক। তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল বলেন, তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি করে না। এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করুক।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা