
হুগলি, ১৯ এপ্রিল (হি.স.): রবিবার তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে নির্বাচনী জনসভায় আসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভায় উপস্থিত ছিলেন তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায়, হরিপালের প্রার্থী করবী মান্না, সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না। তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে জনসভা হয়। তারকেশ্বরে তৃণমূলের নির্বাচনী প্রচার সভা থেকে নাম না করে একপ্রকার আইপ্যাকের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের দলের কাজ যারা করে, ওরা (বিজেপি) তাদের ভয় দেখাচ্ছে।
এদিন সভা থেকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি বলেন, ভোটের আগে ওরা (বিজেপি) চালাকি করেছে। এটা আসলে কোনও মহিলা বিল নয়, এটা আসলে ডিলিমিটেশন বিল। বিজেপি বারবার মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইডি ও সিবিআই-এর অতিসক্রিয়তা নিয়ে সরব হয়ে তিনি প্রশ্ন তোলেন, রোজ কেন ইডির অভিযান হচ্ছে? মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন, বিজেপি ইডি-সিবিআই দিয়ে ভয় দেখালেও হামলার জবাব হামলায় নয়, বরং ব্যালট বাক্সেই দেবে বাংলার মানুষ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ