
পূর্ব বর্ধমান, ১৯ এপ্রিল (হি.স.): দিন দুয়েক আগে পূর্ব বর্ধমানে ভোটপ্রচারে এসে ‘মাতৃশক্তি কার্ড’ বিলি করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই নিয়ে রবিবার কালনার জনসভা থেকে কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, এখানে এসে অর্থমন্ত্রী বেআইনিভাবে কার্ড বিলি করে গিয়েছেন। নির্বাচনের সময় কার্ড বিলি করা মানে বিধিভঙ্গ। তার পরেই দলীয় নেতৃত্বকে এর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন মমতা। কালনার সভা থেকে মমতা বলেন, যাঁরা কার্ড নিয়েছেন তাঁরা জেনে রাখুন, এটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। এই সুযোগে আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে। যে টুকু লক্ষ্মীর ভাণ্ডার পান সে টুকুও নিয়ে নেবে। লুটে নেবে। আগামী দিন ফর্মফিলাপ করতে বলবে।
কালনার সভা থেকেও এদিন ইডি এবং আয়কর হানা নিয়ে সরব হলেন মমতা। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি, আবার সেই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তাঁর কটাক্ষ, দিল্লি থেকে আসছে। সঙ্গে আসছে ইডি, সিবিআই, আয়কর দফতর। তারা কী করছে? আমাদের লোকেদের বাড়ি গিয়ে গিয়ে তল্লাশি করছে। গ্রেফতার করছে। নির্বাচনের পরে কী হবে? তোমরা তো বসন্তের কোকিলের মতো নির্বাচনের সময় আসো। তার পরে আর দেখা পাওয়া যায় না।
মমতা বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীরা পেনশন পান। মনে রাখবেন ২৫ শতাংশ ডিএ আপনারা পেয়ে গিয়েছেন। চার শতাংশ ডিএ-ও পেয়ে যাবেন। বিজেপি-কে কটাক্ষ করে মমতা বলেন, আপনারা ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’-এর কথা শুনেছেন। কিন্তু কিছু কি হয়েছে। আমাদের এখানে কন্যাশ্রী, শিক্ষাশ্রী আছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ