
ইমফল, ১৯ এপ্রিল (হি.স.) : সম্প্রতি এক বোমা বিস্ফোরণে দুই নাবালকের মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের ডাকে আজ রবিবার থেকে রাজ্যের উপত্যকা জেলাগুলিতে শুরু হয়েছে পাঁচ দিনের বনধ। বনধ কৰ্মসূচি চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রতিবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মেইরা পাইবিস, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন। বোমা নিক্ষেপ এবং বিস্ফোরণে দুই নাবালকের মৃ্ত্যুর তদন্ত, শিগগির দোষীদের গ্রেফতার করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার নিশ্চিত করে উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলন সংগঠিত করতে এই সংগঠনগুলি একটি জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করেছে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ভোররাতে বিষ্ণুপুর জেলার অন্তৰ্গত ত্ৰংলাওবির একটি বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় এক নাবালক এবং পাঁচ মাসের একটি কন্যাশিশুর মৃত্যুর পাশাপাশি তাদের মা সহ অন্তত ২৫ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বনধ-এর আজ প্রথম দিন বাজার, স্কুল, কলেজ, সরকারি দফতর এবং অধিকাংশ পরিবহণ পরিষেবা বন্ধ ছিল। প্রয়োজনীয় পরিষেবাগুলি সীমিতভাবে চালু থাকলেও যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হয়।
সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।
বনধ-এর আহ্বায়করা ঘোষণা করেছেন, তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস