
কলকাতা, ১৯ এপ্রিল (হি. স.): দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিলেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি একথা জানান। তাঁর মতে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে।তবে গরমের মাঝেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।এছাড়া ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছুটা হলেও গরমের হাত থেকে স্বস্তি দিতে পারে। অন্যদিকে, কলকাতা-তে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস।উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২৫ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়