
দান্তেওয়াড়া, ১৯ এপ্রিল (হি.স.) : শচীন তেন্ডুলকর আগামী ২২ এপ্রিল ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় সফরে আসছেন। পরিবারের সদস্যদের সঙ্গে এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই । তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
এই সফরে তিনি ছিন্দনার, পোতালি ও জাওঙ্গা-সহ একাধিক এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিশেষ করে গ্রামীণ ও আশ্রমের স্কুলের ছাত্রছাত্রী, খেলোয়াড় এবং প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের খেলাধূলার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন।
জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। প্রশাসনের মতে, এই সফর জেলার শিশু-কিশোরদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক হবে এবং খেলাধূলার ক্ষেত্রে নতুন উদ্যম জোগাবে।
উল্লেখযোগ্য, দান্তেওয়াড়ায় শচীন তেন্ডুলকরের ফাউন্ডেশনের মাধ্যমে খেলাধূলার প্রসারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫টিরও বেশি স্কুল ও আশ্রমে খেলার মাঠ তৈরি করা হয়েছে এবং প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। সফরকালে তিনি এই প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়ে দিকনির্দেশনা দেবেন।
এছাড়াও, সম্প্রতি তাঁর ফাউন্ডেশনের একটি দল ছত্তিশগড়ে দুই দিনের সফরে এসে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য