
মগরাহাট, ১৯ এপ্রিল (হি. স.): নির্বাচনের আগেই দল ছাড়লেন হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির মগরাহাট পশ্চিম বিধানসভার প্রার্থী আবু সিদ্দিক হালদার। রবিবার বিকেলে মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামিম আহমেদের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি। নির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও নির্বাচনের লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন তিনি। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামিম আহমেদ দলের পতাকা তুলে দেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবু সিদ্দিক হালদারকে।
তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবু সিদ্দিক হালদার বলেন, সম্প্রতি হুমায়ুন কবিরের যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সাধারণ মানুষকে তিনি উত্তর দিতে পারছেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে জানিয়েছেন। প্রার্থিপদ প্রত্যাহারের সময়সীমা শেষ, তাই তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামিম আহমেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন বলেও জানান। শামিম বলেন, “ওঁর শুভ বুদ্ধির উদয় হয়েছে। তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এতে আমাদের দল আরও শক্তিশালী হল। মা মাটি মানুষের সরকারের উন্নয়নে এই যোগদান পর্ব আরও বাড়বে ভবিষ্যতে।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা