কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, আহত আরেকজন
কমলপুর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : ধলাই জেলার কমলপুর থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী মলয়া গ্রামে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু এবং অপর এক কৃষক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগা
মৃতদেহ উদ্ধার


কমলপুর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : ধলাই জেলার কমলপুর থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী মলয়া গ্রামে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু এবং অপর এক কৃষক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ (৫০) এবং আহত ব্যক্তি আব্দুল কুদ্দুস (৫৫)। তাঁরা উভয়েই পেশায় কৃষক। অন্যান্য দিনের মতোই তাঁরা সীমান্তের তারকাঁটা বেড়া অতিক্রম করে নিজস্ব জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন।

গ্রামবাসীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার হাত থেকে বাঁচতে তাঁরা একটি গাছের নিচে আশ্রয় নেন। সেই সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল সামাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সামাদকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত আব্দুল কুদ্দুসের চিকিৎসা একই হাসপাতালে চলছে।

জানা গেছে, মৃত ও আহত—উভয়েরই পরিবারে স্ত্রী ও দুইজন করে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের এহেন দুর্ঘটনায় বিপাকে পড়েছে দুই পরিবারই।

এদিকে, এই ঘটনায় মলয়া গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে মৃতের পরিবার এবং আহত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande