নারী সংরক্ষণ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজেপি-র, ‘ঐতিহাসিক সুযোগ নষ্ট’ অভিযোগ
আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : নারী সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কংগ্রেস ও তার সহযোগী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, বিরোধীদের অবস্থানের কারণেই সংসদ ও বিধানসভায় নারীদের জন্য সংরক্ষণ নি
বিজেপির সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : নারী সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কংগ্রেস ও তার সহযোগী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, বিরোধীদের অবস্থানের কারণেই সংসদ ও বিধানসভায় নারীদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হয়েছে।

রাজ্য বিজেপি সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় সহ-সভাপতি লতা উসেন্দি বলেন, নারী সংরক্ষণ সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী বিলের বিষয়ে কংগ্রেস ও তার মিত্রদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তাঁর অভিযোগ, এই অবস্থানের ফলে দেশের নারীরা রাজনৈতিক প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি বলেন, “কংগ্রেস ও তার সহযোগী দলগুলির এই ভূমিকার মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় যুক্ত হয়েছে। এটি শুধু একটি বিলের পরাজয় নয়, বরং কোটি কোটি নারীর আশা-আকাঙ্ক্ষার উপর আঘাত।”

লতা উসেন্দি আরও দাবি করেন, বহু বছর ধরে দেশের নারীরা সংসদ ও রাজ্য বিধানসভায় নিজেদের যথাযথ প্রতিনিধিত্বের অপেক্ষায় ছিলেন। প্রস্তাবিত বিলের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

একই সুরে ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ কল্যাণী সাহা রায়ও বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিলটি পাস করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

কল্যাণী সাহা রায়ের অভিযোগ, বিরোধী দলগুলির রাজনৈতিক অবস্থান নারীদের বৃহত্তর অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করেছে। তাঁর কথায়, “দেশের প্রায় ৭০ কোটি নারী তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলেন।”

বিজেপি নেতাদের দাবি, নারী অধিকারের পক্ষে কথা বললেও বাস্তবে কংগ্রেস ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ প্রস্তাবকে সমর্থন করেনি। তাঁদের মতে, নারী সংরক্ষণ বিল কার্যকর হলে দেশের রাজনৈতিক কাঠামোতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেত।

উল্লেখ্য, প্রস্তাবিত নারী সংরক্ষণ বিলের মাধ্যমে সংবিধান সংশোধন করে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিধান করার কথা বলা হয়েছিল। প্রসঙ্গত, এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক অন্তরা দেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande