টিটিএএডিসি নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে : ডিজিপি
আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : টিটিএএডিসি নির্বাচনের ভোট গণনার পর ত্রিপুরার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত হিংসার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনু
ত্রিপুরা পুলিশ মহানির্দেশক


আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : টিটিএএডিসি নির্বাচনের ভোট গণনার পর ত্রিপুরার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত হিংসার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর।

রবিবার পশ্চিম আগরতলা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি বলেন, নির্বাচন-পরবর্তী অশান্তি মোকাবিলায় পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করেছে এবং এখনও পরিস্থিতির উপর কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

ডিজিপি আরও জানান, রাজনৈতিক হিংসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হিংসায় সবচেয়ে বেশি প্রভাবিত দক্ষিণ ত্রিপুরার শিলাছড়ি ও মনুবনকুল এলাকায় বর্তমানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে সেখানে স্থিতিশীলতা ফিরেছে এবং বাজারসহ দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।

এদিকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande