
ধর্মনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইয়াকুব নগর এলাকায় একটি অনাথ আশ্রমে রড চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই অনাথ আশ্রমে নির্মাণকাজের জন্য বিপুল পরিমাণ রড মজুত রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই রডগুলি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই আশ্রম কর্তৃপক্ষ দ্রুত ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্ত শুরু করে বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ করা হয়। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াকুব নগর এলাকা থেকেই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই চুরির ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আমরা পুরো ঘটনার পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছি।”
এদিকে, অনাথ আশ্রমের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
পুলিশ আশ্বাস দিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্যও অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ