
সাব্রুম (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : টিটিএএডিসি নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার ২৮ শিলাছড়ি–মনুবনকুল কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি মনোনীত প্রার্থী কংজঅং মগের জয়কে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।
বিজেপির তরফে তিপ্রা মথা পার্টির বিরুদ্ধে বনকুল এলাকায় লাগামহীন সন্ত্রাস চালানোর অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, চাতকছড়ি এলাকায় একটি বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চালিতা বনকুলের বটতলি বাজারে একটি পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং নিকটবর্তী আরও একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত পার্টি অফিসগুলি পরিদর্শন করেন এবং আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি বনফুল ভিউ পয়েন্ট এলাকাও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে অর্থমন্ত্রী ঘটনাগুলিকে নিন্দাজনক বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এই সফরে তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, স্বপন মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ