
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাদের স্বাস্থ্য পরিষেবা ও পেনশন সংক্রান্ত একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন। তিনি অভিযোগ করেন, প্রাক্তন সেনাদের স্বাস্থ্যসেবা প্রদানের যোজনা অর্থাৎ এক্স-সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ইসিএইচএস)-তে গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে ৭২ লক্ষেরও বেশি প্রাক্তন সেনা ও তাঁদের পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বৃহস্পতিবার রাহুল গান্ধী তাঁর সামাজিক মাধ্যমের পোস্টে জানান, সম্প্রতি আহত প্রাক্তন সেনাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, চিকিৎসা খরচের প্রতিপূরণে বিলম্ব, ওষুধের অভাব, হাসপাতালের পরিষেবা না পাওয়া এবং বকেয়া অর্থ মেটাতে দেরির মতো সমস্যাগুলি দীর্ঘদিন ধরেই চলছে। সংসদে বিষয়টি উত্থাপন করা হলেও সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ তাঁর।
তিনি আরও বলেন, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-র সাম্প্রতিক রিপোর্টেও এই প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার বিষয়টি উঠে এসেছে। তবুও সরকার কেন প্রয়োজনীয় বাজেট দিচ্ছে না, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এছাড়াও, বিশেষভাবে সক্ষম প্রাক্তন সেনাদের পেনশনে কর আরোপের প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, নতুন অর্থ বিল অনুযায়ী কোনও বিশেষভাবে সক্ষম প্রাক্তন সেনা আধিকারিক যদি অন্য কোথাও কর্মরত থাকেন, তাঁর পেনশনে কর বসানো হতে পারে, যা দেশের জন্য আত্মত্যাগকারী সেনাদের প্রতি অবিচার। সব মিলিয়ে, প্রাক্তন সেনাদের কল্যাণ ও নিরাপত্তা নিয়ে কেন্দ্রের নীতির স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য