অসমকে 'ল্যান্ড এটিএম'-এ পরিণত করেছে বিজেপি : রাহুল
হিমন্তবিশ্বকে ‘রিমোট কন্ট্রোলড’ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ রাহুল গান্ধীর বোকাজান (অসম), ২ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমকে একটি ‘ল্যান্ড এটিএম’-এ পরিণত
অসমের বোকাজানে নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী


হিমন্তবিশ্বকে ‘রিমোট কন্ট্রোলড’ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ রাহুল গান্ধীর

বোকাজান (অসম), ২ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমকে একটি ‘ল্যান্ড এটিএম’-এ পরিণত করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। এই এটিএম-এর মাধ্যমে জনগণের কাছ থেকে জমি ‘ছিনিয়ে’ নিয়ে তা বড় বড় কর্পোরেটদের কাছে হস্তান্তর করছেন তিনি। বক্তা সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের বোকাজান শহরে কংগ্রেস-প্রার্থী রতন ইংতির সমর্থনে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন রাহুল। গোটা ভাষণে তিনি প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ওপর হামলা করেছেন। হিমন্তবিশ্ব শর্মাকে ‘রিমোট কন্ট্রোলড’ মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন রাহুল।

অসমের বৈচিত্র্য প্রসঙ্গে গান্ধী বলেন, এই রাজ্যটি বিভিন্ন পরিচয়, সম্প্রদায় ও বিশ্বাসের এক মিশ্রণ, প্রতিটি জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ ও স্থান পাওয়া উচিত। তিনি কংগ্রেসের বিকেন্দ্রীকরণের আদর্শের সঙ্গে বিজেপির কেন্দ্রীভূত শাসনব্যবস্থার তুলনা করেছেন।

সংবিধানের অনুচ্ছেদ ২৪৪এ উল্লেখ করে তিনি বলেন, এই ধারা স্থানীয় জনগোষ্ঠীকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দিয়েছে। গুয়াহাটি কিংবা দিল্লি থেকে নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণের অধিকার তৃণমূল স্তরের। তিনি দাবি করেন, এই ব্যবস্থাটি জনগণের ক্ষমতায়নের জন্য কংগ্রেসই প্রবর্তন করেছিল।

গান্ধী অভিযোগ করেন বলেন, অসমের জমি বড় বড় কর্পোরেট গোষ্ঠীগুলির যেমন মুকেশ আম্বানি, গৌতম আদানি এবং বাবা রামদেবের নেতৃত্বাধীন সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, হাজার হাজার বিঘা জমি কর্পোরেট ও শিল্প প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।

সমালোচনা করে রাহুল বলেন, সম্প্রতি নরেন্দ্র মোদী স্বাক্ষরিত ভারত-মার্কিন চুক্তিটি ভারতের কৃষি, জ্বালানি নিরাপত্তা এবং তথ্য সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁর মতে, আমেরিকার সঙ্গে কৃষিক্ষেত্র খুলে দেওয়া হলে ক্ষুদ্র কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। জ্বালানি আমদানির সিদ্ধান্তও বাইরের প্রভাবাধীন হয়ে পড়তে পারে।

গান্ধী আরও বলেন, এই চুক্তির ফলে মার্কিন কোম্পানিগুলির কাছ থেকে বড় পরিসরে ক্রয় বাধ্যতামূলক হতে পারে, যা ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। তাঁর দাবি, ভারত যথেষ্ট সুবিধা না পেয়ে এই চুক্তিতে বড় ছাড় দিয়েছে।

তাঁর অভিযোগ, এই চুক্তি ও নীতিগত সিদ্ধান্তগুলিতে বাইরের চাপ কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপর প্রভাব বিস্তার করছেন। রাহুলের দাবি, ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, মোদী তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, যা একটি বৃহত্তর ক্ষমতার সম্পর্ককে নির্দেশ করে।

রাহুল গান্ধী অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ‘মিনি নরেন্দ্র মোদী’ বলে কটাক্ষ করে তাঁকে দেশের ‘অন্যতম দুর্নীতিগ্রস্ত’ মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশে কাজ করেন, তাঁর রিমোট দিল্লিতে।

শেষে তিনি একটি ‘নিয়ন্ত্রণের শৃঙ্খল’ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক স্তর থেকে জাতীয় এবং সেখান থেকে রাজ্য স্তর পর্যন্ত, যেখানে তাঁর মতে ক্ষমতা ওপরের দিক থেকে নীচে প্রবাহিত হয়, জনগণের হাতে নয়।

কিংবদন্তি গায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গের প্রসঙ্গেও বলেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, জুবিন গার্গ অসম ও এখানকার মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। অসমে ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে কংগ্রেস সরকার জুবিনের মৃত্যুর বিচার নিশ্চিত করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande