
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্টুরোভ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বৈঠক চলাকালীন মন্টুরোভ প্রধানমন্ত্রী মোদীকে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক অংশীদারিত্ব, সার সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে চলমান সহযোগিতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়া দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর এবং ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের সাফল্যের কথা স্মরণ করেন। ওই শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য দুই দেশের পক্ষ থেকে যে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান, এই পদক্ষেপগুলো ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।
সাক্ষাৎকার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আশাপ্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি