
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে এই হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে কেন্দ্র।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ভারত জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ইউনিফিল মিশনে প্রায় ৬০০ ভারতীয় সেনা মোতায়েন রয়েছেন, যারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছেন।
সাম্প্রতিক হামলায় নিহত ‘ব্লু হেলমেট’ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারত সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিরক্ষা মিশনের মর্যাদা রক্ষা এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৫৮৯-এর উল্লেখ করে ভারত বলেছে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইউনিফিল বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত ৩০ মার্চ একটি বিস্ফোরণে এক শান্তিরক্ষীর মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। এছাড়া রাস্তার ধারে বিস্ফোরণসহ একাধিক ঘটনায় হতাহতের খবর সামনে এসেছে।
বর্তমান পরিস্থিতিতে ইজরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইউনিফিল মিশনের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য