
হায়দরাবাদ, ২ এপ্রিল (হি.স.): সামাজিক মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্ক, একত্রবাসের পর বিয়ে—কিন্তু বিয়ের মাত্র ৫০ দিনের মধ্যেই তা মর্মান্তিক পরিণতিতে পৌঁছল। হায়দরাবাদের মিয়াপুর এলাকায় এক ২৬ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় স্বামীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঈশিকা যাদব। তাঁর বাড়ি বিহারে। প্রায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে মধ্যপ্রদেশের বাসিন্দা নীরজ বংশলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে পরিণত হয় এবং দীর্ঘদিন একত্রবাস (লিভ-ইন) করার পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পাটনায় পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করেন তাঁরা। এরপর হায়দরাবাদের মিয়াপুরে একটি আবাসনে থাকতে শুরু করেন।
অভিযোগ, বিয়ের পর থেকেই ঈশিকাকে অতিরিক্ত পণের দাবিতে মানসিকভাবে অত্যাচার করা হত। পরিবারের দাবি, সোনা ও হীরের গয়নার পাশাপাশি স্বামীর স্টার্টআপে বিনিয়োগের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। এই মানসিক চাপের জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বুধবার রাতে নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ঈশিকা। সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মিয়াপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পি. শিবপ্রসাদ জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য