
কোচবিহার, ২০ এপ্রিল (হি.স.): নির্বাচনের আগে বোমা উদ্ধার হল কোচবিহারে। সোমবার রাতে কোচবিহারের ফাঁসিরঘাট সংলগ্ন এলাকায় জঙ্গল থেকে দু'টি ব্যাগ পায় পুলিশ। তা থেকে ১৭টি বোমা উদ্ধার হয়। পাশাপাশি নাটাবাড়িতে এক বিজেপি কর্মীর উঠোন থেকে একটি বোমা উদ্ধার হয়। বিজেপির দাবি, বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল বোমাবাজির চেষ্টা করে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কোচবিহারে মাদ্রাসার পাশে বোমা উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। চলতি মাসের ৮ তারিখে কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি-২ গ্রাম পঞ্চায়েতের নেহরুনগর এলাকায় বোমা উদ্ধার হয়েছিল। মাদ্রাসার ঠিক পাশেই এই বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠে গিয়েছিল।
ভোটের প্রাক্কালে কোচবিহারে ফের বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ