
নন্দীগ্রাম, ২০ এপ্রিল (হি. স.) : সোমবার ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। কাঞ্চননগর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টহলরত অবস্থায় বাহিনীর জওয়ানরা বিনা প্ররোচনায় পথচলতি কয়েকজনকে আটকে মারধর করেন।অভিযোগ অনুযায়ী, বাইকে করে যাওয়া এক দোকানদার, এলাকার এক যুবক এবং বাইরে থেকে বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিককে রাস্তায় দাঁড় করিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর আহতদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ, শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ করে ঢুকে কেন্দ্রীয় বাহিনী আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়