
পাথারকান্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : আজ সোমবার শুভ অক্ষয়তৃতীয়ার প্রভাতে কালবৈশাখীর তাণ্ডবে হরিষে বিষাদ নেমে এসেছে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চলে। আজকের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দোহালিয়ার নারাইণপুর ও মধুরবন্দ এলাকায়।
আজ ভোর চারটা নাগাদ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন আচমকা ধেয়ে আসে কালবৈশাখীর প্রচণ্ড ঝড় ও তুফান। ঝড়-তুফানের তাণ্ডবে মানুষের বসতঘর, বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ফসলও তছনছ হয়ে গেছে।
ঝড়ের প্রকোপে স্থানে স্থানে গাছ ভেঙে বিদ্যুৎ পরিবাহী তারের ওপর পড়ে। ফলে বিদ্যুতের তাঁর ছিড়ে মাটির সঙ্গে মিশে গেছে। এতে সকাল থেকে পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে আছে। বহু গৃহস্থ স্ত্রী-সন্তানদের নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস