
অশোকনগর, ২০ এপ্রিল (হি. স.):- বিধানসভা নির্বাচনের আবহে উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপির প্রচার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের বিজেপি বিধায়িকা মৈথিলী ঠাকুর। সোমবার বিজেপি প্রার্থী ড. সূময় হীরা-র সমর্থনে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত হওয়া থেকে রুখতে সাধারণ মানুষকে একজোট হতে হবে।সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ‘বন্দেমাতরম’ বলতে অনেকেই সংকোচ বোধ করছেন, যা তাঁর কাছে অকল্পনীয়। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি সমর্থন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ লক্ষ্য করেছেন বলেও দাবি করেন তিনি।মৈথিলী ঠাকুর আরও বলেন, বাংলার সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষার জন্য বিজেপিকে সমর্থন করা জরুরি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিহারের বহু মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন এবং জীবিকা নির্বাহ করছেন, যা দুই রাজ্যের পারস্পরিক সম্পর্কের পরিচয় বহন করে।এদিনের সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়