
পাঁচ দিনের বনধ কৰ্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গৃহমন্ত্ৰীর
ইমফল, ১৯ এপ্রিল (হি.স.) : রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা কামনা করেছেন মণিপুরের গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম। মন্ত্রী বলেন, সরকার ত্রংলাওবি বোমা হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য সবরকম চেষ্টা করছে।
আজ রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ‘ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি’ (ইউকেএনএ)-র পাঁচ সক্রিয় ক্যাডারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ক্ষিপ্রগতিতে তদন্ত চলছে।
রাজ্যে সাসপেনশন অব অপারেশনস (এসওএস) চুক্তির আওতাধীন সব অননুমোদিত ক্যাম্প এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী কনথউজাম। তিনি জানান, এসওএস গোষ্ঠী এবং শান্তি পর্যবেক্ষণ কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, সব ক্যাডারদের নির্ধারিত ক্যাম্পে রাখা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইমফল পশ্চিমের ফায়েং এবং ইমফল পূর্বে নুংসুমে সম্প্রতি পামবেই নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ (ইউএনএলএফ)-এর ক্যাডারদের স্থানান্তর নিয়ে সংগঠিত প্রতিবাদ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে গৃহমন্ত্রী বলেন, ওই এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। শীঘ্রই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মণিপুরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তিনি জানান, প্রথমে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-র ২৭২টি কোম্পানি মোতায়েন ছিল। এর মধ্যে ৮৮টি কোম্পানি অন্য রাজ্যে নির্বাচনী দায়িত্বে পাঠানো হয়েছে। আরও ১৫টি কোম্পানি প্রত্যাহারের কথা থাকলেও রাজ্য সরকারের হস্তক্ষেপে তা স্থগিত করা হওয়ায় বর্তমানে ১৮৪টি কোম্পানি মোতায়েন রয়েছে রাজ্যে।
গৃহমন্ত্রী গোবিন্দদাস আরও জানান, অতিরিক্ত বাহিনীর মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রশিক্ষিত ইউনিটও রয়েছে। আগে প্রত্যাহৃত বাহিনীগুলি ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর পুনরায় রাজ্যে ফিরে আসবে। তিনি বলেন, নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে মাইন-প্রটেক্টেড এবং বুলেটপ্রুফ যানবাহন রাজ্যে আসতে শুরু করেছে।
সাধারণ মানুষের কাছে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে গোবিন্দদাস কনথউজাম বলেন, সরকার জীবন ও সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের গৃহমন্ত্রী কনথউজাম আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে, মণিপুরে সশস্ত্র জঙ্গিবাদ নিকাশ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে ত্রংলাওবি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যুর প্রতিবাদে মেইরা পাইবিসের নেতৃত্বে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন-আহূত পাঁচ দিনের বনধ কৰ্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গৃহমন্ত্ৰী গোবিন্দদাস কনথউজাম। তিনি বলেন, বনধ কর্মসূচির ফলে রাজ্যবাসীর দৈনন্দিন জীবন, শিক্ষা ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি সাধারণ মানুষের কাছে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস