
আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : আগামী ২৩ এপ্রিল আরামবাগে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধেই তৎপরতা শুরু করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
সোমবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন। এদিন তাঁরা গোটা এলাকা ঘুরে দেখেন এবং সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। মঞ্চের অবস্থান, সাধারণ মানুষের বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, অমিত শাহের এই সভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের আশা করছে বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই এখন থেকে সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মী-সমর্থকদের সক্রিয় করার ওপর জোর দেওয়া হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আরামবাগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভোটের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA