স্কুলে মিড-ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, গোঘাটে ব্যাপক চাঞ্চল্য
আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : গোঘাট দু’নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অর্জুনগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে মিড-ডে মিল রান্নার সময় হঠাৎই একটি গ্যাস সিলিন্ডার লিক করে
অর্জুন গড়িয়া প্রাথমিক বিদ্যালয় আগুন


আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : গোঘাট দু’নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অর্জুনগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে মিড-ডে মিল রান্নার সময় হঠাৎই একটি গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি ঘটে।

​জানা গিয়েছে, রান্না চলাকালীন আচমকা সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে রান্নাঘর ধোঁয়ায় ভরে যায় এবং আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। পরিস্থিতি বেগতিক বুঝে স্কুল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। স্কুলের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

​স্থানীয় সূত্রে খবর, বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলেও এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, অগ্নিকাণ্ডে কোনও পড়ুয়া বা কর্মী হতাহত হননি এবং বিশেষ কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুলে পৌঁছান। স্কুলের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande