
আইজল, ২১ এপ্রিল (হি.স.) : মিজোরামের রাজধানী আইজল পৌরনিগম (মিউনিসিপাল কর্পোরেশন) নির্বাচনে ভোট পড়েছে ৬১.১৪ শতাংশ। আজ মঙ্গলবার ১৯ আসনের পৌরনিগম নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, জানিয়েছেন রাজ্য নির্বাচন আধিকারিক।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, মোট ২.৩৯ লক্ষ ভোটারের মধ্যে ৬১.১৪ শতাংশ ভোটার ১৯টি ওয়ার্ডে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকাল ৭.০০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫.০০টায় শেষ হয়েছে।
কোথাও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সব কেন্দ্রের পরিসংখান আসার পর চূড়ান্ত ভোটের হার সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানা গেছে।
আইজলের চাওইহমুন বুথে ভোট দেওয়ার পর মুখ্যমন্ত্রী লালদুহোমা আশা প্রকাশ করে বলেছেন, জোরাম পিপলস্ মুভমেন্ট (জেডপিএম) ১৬ বা তার বেশি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তিনি বলেন, দল নিগমের ক্ষমতায় এলে স্বচ্ছতা ও দ্রুত উন্নয়ন নিশ্চিত করা হবে।
লালদুহোমা আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সমালোচনা শেষ পর্যন্ত জেডপিএমকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে, বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ২০১৫ এবং ২০২১ সালের মতো টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে রয়েছে। দলের সভাপতি জোরামথাঙ্গা আইজলের রামহলুন ভেংলাইয়ে ভোট দেওয়ার পর বলেন, তাঁদের শাসনের অভিজ্ঞতাই আবারও ক্ষমতায় ফিরতে সহায়তা করবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৮ জন প্রার্থী। তাঁদের মধ্যে ২৮ জন মহিলা। জেডপিএম, এমএনএফ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯ জন করে প্রার্থী দিয়েছে। বিজেপি দিয়েছে ১১ জন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ২৭ এপ্রিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস