অন্নপূর্ণা যোজনার ফর্ম ঘিরে দুর্গাপুরে উত্তেজনা, বিজেপি-তৃণমূলের সংঘর্ষে চাঞ্চল্য
দুর্গাপুর, ২১ এপ্রিল (হি.স.): ভোটের আগে ফের উত্তপ্ত শিল্পাঞ্চল। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি ও পূরণকে কেন্দ্র করে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের পুরসা গ্রামে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্
অন্নপূর্ণা যোজনার ফর্ম ঘিরে দুর্গাপুরে উত্তেজনা, বিজেপি-তৃণমূলের সংঘর্ষে চাঞ্চল্য


দুর্গাপুর, ২১ এপ্রিল (হি.স.): ভোটের আগে ফের উত্তপ্ত শিল্পাঞ্চল। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি ও পূরণকে কেন্দ্র করে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের পুরসা গ্রামে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুরসা গ্রামে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। অভিযোগ, প্রচারের আড়ালে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ‘অন্নপূর্ণা যোজনার’ ফর্ম পূরণ করাচ্ছিলেন। তৃণমূলের দাবি, এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এই অভিযোগকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুইও মেজাজ হারিয়ে এক তৃণমূল কর্মীর দিকে তেড়ে যান। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় এবং দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande