রোড শো ঘিরে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত দুর্গাপুর, সংঘর্ষে ভাঙচুর
দুর্গাপুর, ২১ এপ্রিল (হি.স.): ভোটের মুখে ফের উত্তপ্ত দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। জে সি বোস রোড এলাকায় বিজেপির রোড শো ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কিছু মোটরবাইক ভাঙচুর কর
রোড শো ঘিরে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত দুর্গাপুর, সংঘর্ষে ভাঙচুর


দুর্গাপুর, ২১ এপ্রিল (হি.স.): ভোটের মুখে ফের উত্তপ্ত দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। জে সি বোস রোড এলাকায় বিজেপির রোড শো ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কিছু মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে একটি রোড শো জে সি বোস এলাকায় পৌঁছয়। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। এর জেরেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বচসা হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়।

গণ্ডগোলের জেরে এলাকায় একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়। তৃণমূল নেতা সৌগত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের কর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলেন, কিন্তু বিজেপি অকারণে উত্তেজনা ছড়ায় এবং কেন্দ্রীয় বাহিনী তাঁদের কর্মীদের ওপর লাঠিচার্জ করে।

অন্যদিকে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের একাংশ পরিকল্পিতভাবে তাঁদের মিছিলে হামলা চালায় এবং ঢিল ছোড়ে। পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় জোরদার টহল চলছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande