
শ্রীভূমি (অসম), ২১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলা কারাগার থেকে এক বন্দি পালিয়ে গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে জেলা পুলিশ সদর দফতর।
জেলা পুলিশের জনৈক আধিকারিক জানান, আজ মঙ্গলবার পাথারকান্দি থানা এলাকার বাসিন্দা শরিফ উদ্দিন কারাগার চত্বরের বাইরে নির্ধারিত কাজে নিয়োজিত ছিল। কাজের ফাঁকে সুযোগ পেয়ে পালিয়ে যায় সে।
অন্য এক সূত্রের খবর, নির্দিষ্ট কাজের জন্য শরিফ উদ্দিনকে জেল কমপ্লেক্সের বাইরে একটি পুকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে সে পালিয়ে গেছে।
পলাতক বন্দিকে ধরতে ইতিমধ্যে তালাশি অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি, একজন কয়েদির পলায়নের পেছনে কারা কর্তৃপক্ষের গাফিলতি বা সম্ভাব্য ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস